৩ অক্টোবর: মুক্তিযুদ্ধের এই দিনে-- মুক্তিবাহিবী টাঙ্গাইলের ধনবাড়ীতে অবস্থানরত পাকিস্তানি সেনাদের ওপর অতর্কিতে আক্রমণ চালায়। এ সংঘর্ষে পাকিস্তানি সেনাদলের অধিকাংশ সৈন্য হতাহত হয়।
- জামালপুরে মুক্তিবাহিনী কমলাপুর-বকশীগঞ্জ রাস্তার ওপর মাইন পুঁতে অ্যামবুশ করে। পাকিস্তানি সেনাদের একটি গাড়ি মাইনের ওপর এলে মাইন বিস্ফোরণে গাড়িটি ধ্বংস হয় এবং সাতজন পাকিস্তানি সেনা নিহত ও ছয়জন আহত হয়।
- ৮ নম্বর সেক্টরের বানপুর সাবসেক্টরে মুক্তিবাহিনী পাকিস্তানি সেনাদের একটি দলকে গয়েশপুরে অ্যামবুশ করে। এই অ্যামবুশে পাঁচজন পাকিস্তানি সেনা নিহত হয়।
- রায়পুর থানার টিভি সেক্টরে অবস্থানরত পাকিস্তানি সেনাদের ওপর মুক্তিবাহিনীর গেরিলা দল অতর্কিত আক্রমণ চালায়। উভয় পক্ষের মধ্যে ছয় ঘণ্টাব্যাপী তুমুল সংঘর্ষ হয়। এ সংঘর্ষে ৫০ জন পাকিস্তানি সেনা ও ৫০-৭০ জন রাজাকার নিহত এবং ৩৪ জন অবাঙালি ইপিআর ও রাজাকার আত্মসমর্পণ করে। অন্যদিকে মুক্তিবাহিনীর সাতজন বীর যোদ্ধা শহীদ হন।
- পাকিস্তান সরকার উপনির্বাচন-সংক্রান্ত এক প্রেসনোট জারি করে। প্রেসনোটে প্রাদেশিক পরিষদের বাকি ৮৮টি শূন্য আসনের তফসিল ঘোষণা করা হয়। আগামী ১৮ ডিসেম্বর থেকে ৭ জানুয়ারির মধ্যে এই নির্বাচন অনুষ্ঠিত হবে।
|